টাঙ্গাইলের কালিহাতীর ধলাটেঙ্গুর এলাকায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতি নিহত হয়েছেন। অাজ সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘাটাইল উপজেলার রসুলপুর এলাকার কালু মিয়ার স্ত্রী সোফিয়া বেগম (৬০) ও সবুর আলীর ছেলে আহাদ আলী (৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওই দুজনসহ তিনজন কালিহাতী উপজেলার রাজাবাড়ি এলাকায় আনছার আলীর বাড়িতে বেড়াতে আসেন। একপর্যায়ে আজ সকালে তারা রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে অাসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে তারা ট্রেনে কাটা পড়ে।
সেফিয়া বেগমের স্বামী কালু মিয়া জানান, আত্মীয়র বাড়ি থেকে বঙ্গবন্ধু ব্রিজ দেখতে যাচ্ছিলেন তারা। পেছন দিক থেকে ট্রেনটি আসায় টের পাননি। কাছে আসার পরে ট্রেন দেখে অন্যপাশে সরে যেতে গিয়ে ছিটকে পড়েন তারা।
এ ঘটনার পর স্বজনরা নিহতদের লাশ তাদের গ্রামের বাড়ি নিয়ে গেছে।







