করোনা আতঙ্কে টাঙ্গাইলে বিদেশ ফেরত প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টাঙ্গানোর পাশাপশি স্টিকার লাগিয়ে দেয়া হচ্ছে।
সোমবার কালিহাতী উপজেলায় বিদেশ ফেরত ৪৫৩ জন প্রবাসীদের বাড়ির সামনে এই লাল পতাকা ও স্টিকার লাগানোর উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন।
দুপুরে উপজেলার বল্লা এলাকায় সিঙ্গাপুর প্রবাসী আমিনুলের বাড়িতে স্টিকার ও লাল পতাকা টানিয়ে দিয়ে এর কার্যক্রম শুরু করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা, সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার রহমান, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন ও বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চাঁন মাহমুদ পাকির আলী প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা বলেন, এ উপজেলায় গত ১৫ দিনে বিদেশ থেকে ৪৫৩ জন প্রবাসী এসেছে। আমরা প্রত্যেকের বাড়িতে একটি করে লাল পতাকা ও একটি স্টিকার লাগিয়ে দিয়েছি। স্টিকারে প্রবাসীর নাম, কবে বাংলাদেশে এসেছেন ও হোম কোয়ারেন্টাইনের মেয়াদ কবে শেষ হবে সে তথ্য দেয়া আছে। এছাড়া প্রশাসনের সাথে যোগাযোগের নম্বরও দেয়া হয়েছে স্টিকারে।








