হলিউড তারকাসহ সকল অতিথির জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে টরন্টো চলচ্চিত্র উৎসব। তবে স্টেজ এবং রেড কার্পেটে মাস্ক ছাড়া থাকতে পারবেন তারকারা।
ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের তরফ থেকে দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘তারকাদের টিআইএফএফ এর ভেন্যু, যানবাহন এবং থিয়েটারে সবসময় মাস্ক পরে থাকতে হবে। শুধু তারা যদি রেড কার্পেটে অথবা স্টেজে থাকেন, তাহলে না পরলেও চলবে।’
টরন্টো চলচ্চিত্র উৎসবের অতিথিদের ভ্যাকসিনের দুই ডোজ সম্পন্ন করার প্রমাণ দেখাতে হবে। আমেরিকা এবং অন্যান্য সব দেশের অতিথিদের জন্য এই নিয়ম প্রযোজ্য। এছাড়াও কানাডায় প্রবেশ করার ৭২ ঘণ্টার মধ্যে একবার পিসিআর টেস্ট করিয়ে নিতে হবে। উৎসব চলাকালীন প্রতি ৪৮ ঘণ্টা পর পর করোনা পরীক্ষা করাতে হবে অতিথিদের।
কানাডায় সফলভাবে টিকা কার্যক্রম চালানোর পর করোনার প্রকোপ একেবারেই কমে গেছে। তবে ডেল্টা ভ্যারিয়েন্ট যদি ছড়িয়ে পড়ে তাহলে চতুর্থ ঢেউ আসতে পারে কানাডায়। তাই উৎসবের আয়োজকরা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন।
৯ সেপ্টেম্বর শুরু হবে টরন্টো চলচ্চিত্র উৎসব। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।







