জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
আসামীপক্ষের আবেদনে এ আদেশ দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. মোহাম্মদ আখতারুজ্জামান।
একই সঙ্গে এ মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করা হয়েছে। সোমবার এ বিষয়ে আবার শুনানি হবে।
রোববার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির করার কথা থাকলেও কারাগারে হাজিরা পরোয়ানা না যাওয়ায় তা করা হয়নি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, অন্য একটি মামলায় আসামি বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তাই তাকে আদালতে হাজির করার জন্য হাজিরা পরোয়ানা জারির আবেদন করা হয়।
খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজাক খান আদালতকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়েছে। ওই মামলায় রোববার খালেদা জিয়ার জামিন শুনানিও রয়েছে। তাই এ দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা পরোয়ানা না ইস্যু করে শুনানি মুলতবির আবেদন করেন তিনি।
উভয় পক্ষের শুনানি নিয়ে সোমবার পর্যন্ত শুনানি মুলতবি রেখে আদেশের জন্য দিন ধার্য করেন আদালত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের যুক্তিতর্ক শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে। রোববার আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল।
রোববার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।








