জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তারেক রহমানের বিরুদ্ধে বিশেষ আদালতে সাক্ষ্য দিয়েছেন ৪ জন। এতিমদের টাকা আত্মসাতের প্রক্রিয়ায় তারেক রহমানের জড়িত থাকার বর্ণনা দেন সাক্ষীরা।
মামলাটির বিচার চলছে বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিশেষ এজলাসে।
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে আইনজীবীরা হাজিরা দেন। মামলায় ৩৫ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ২১ জন। বৃহস্পতিবার তারেক রহমান ও সাবেক এমপি কাজী সলিমুল হক কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেন সাক্ষীরা।
রাষ্ট্রপক্ষের আইনজীবি মোশাররফ হোসেন কাজল বলেন, পাঁচটা টেকের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে যে টাকা গুলো এসেছিল যা পরবর্তীতে কাজী সলিমুল কামাল তার নামে কিভাবে এফডিআর হয়েছিল, তিনি এফডিআরের টাকাগুলো কতোদিন রেখেছিলেন, এবং এতিমের অর্থ আত্মসাতের টাকাটা বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে সে সম্পর্কে ব্যাংকে কিভাবে এসেছে, ব্যাংকে কিভাবে এফডিঅার হয়েছে সেগুলো নিয়েই বক্তব্য হয়।
অস্থায়ী আদালতে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার আগামী ১১ আগস্ট পর্যন্ত মামলার কার্যক্রম মূলতবি রেখেছেন।
এতিমদের নামে বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক।







