নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
সর্বাত্নক ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে রবিবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা একসাথে জড়ো হয়ে পরিবহন চত্বরে অবস্থান নিলেও কোনো প্রকার হামলা ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বিভিন্ন অনুষদ ভবন, হলের সামনে দিয়ে ঘুরে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়।
মিছিলে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সমবেত কণ্ঠের স্লোগানে দেড় ঘন্টা যাবৎ প্রকম্পিত হতে থাকে পুরো ক্যাম্পাস।
মিছিল থেকে স্লেগানের মাধ্যমে নিরাপদ সড়ক, নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ’সহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিল শেষে এক শহীদ মিনার পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের বিচারের দাবি করেন।
একইসঙ্গে রোববার সন্ধ্যায় নিরাপদ সড়কের দাবিতে মশাল মিছিলে উপস্থিত সকলের অংশগ্রহণের আহ্বান জানান তারা।
সবশেষে দুপুর একটার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের সমাপ্তি ঘোষণা করে।
এদিকে নিরাপদ সড়কের দাবিতে শুক্রবার থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে।
নৌ পরিবহন মন্ত্রীর পদত্যাগ, হামলাকারীদের শস্তিসহ শিক্ষার্থীদের দেওয়া দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।







