প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অবদানের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুকে সম্মাননা দিয়েছে জাপানের প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন বিসিসিআইজে। শিল্পে বিনিয়োগের মধ্যদিয়ে বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন বিসিসিআইজের ব্যবসায়ীরা।
টকিওর তাকিনোহগাওয়া খাইকান সম্মেলন কেন্দ্রে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বিসিসিআইজের নির্বাচিত কমিটির প্রথম সম্মেলন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সংগঠনের সদস্যরা কিভাবে আগামীতে কাজ করে যাবেন তা নির্ধারণ করতেই এ আয়োজন। শুরুতেই নির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বাদল চাকলাদার বলেন, বাংলাদেশের অনেক লোক এখন জাপানে ব্যবসা করছেন, তারা এখন দেশেও ব্যবসা করতে যাওয়ার জন্য ইচ্ছুক। বাংলাদেশ সরকার যদি আমাদের সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা দেয় তাহলে অবশ্যই আমরা বিসিসিআইজের মাধ্যমে বিনিয়োগ করবো।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা। সম্মেলনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্মকা- নিয়ে প্রামান্য চিত্র পরিবেশন করা হয়।
প্রকৃতির নানা উপাদান সাধারণ মানুষের কাছে তুলে ধরা জীববৈচিত্র নিয়ে গবেষণা এবং পরিবেশ ও প্রকৃতি রক্ষায় অবদানের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুকে সম্মাননা দেওয়া হয়।
এ সময় উপস্থাপক বলেন, আমরা মুকিত মজুমদার বাবুর মতো লোককে সম্মানিত করার মতো উপযুক্ত হইনি। তারপরও উনি যখন জাপানে এসছেন আমরা তাকে সম্মানিত করবো। এরপরই স্টেজে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে প্রত্যেককে কাজ করার আহ্বান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।
মুকিত মজুমদার বাবু বলেন, আমরা যারা বাঙালি, বাংলাদেশে থাকি বা বিভিন্ন দেশে আছি, যার যার অবস্থান থেকে নিজের ক্ষমতার সঙ্গে মমতা মিশিয়ে যেনো দেশের জন্য কিছু করি। কারণ আমরা যদি না করি, আজ দেশটা যে অবস্থানে আছি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না।
পরে বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গানে গানে প্রবাসী বাংলাদেশীদের মাতিয়ে তুলেন বিশিষ্ট সংগীত শিল্পী কুমার বিশ্বজিত। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই ও সাপ্তাহিক।








