শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের খুশির রেশের মাঝেই ভারতীয় দলের জন্য এসেছে একটি দুঃসংবাদ। রোববার কলম্বোয় জয়ের অন্যতম নায়ক রবীন্দ্র জাদেজা আচরণবিধি ভাঙায় তৃতীয় টেস্টে নিষিদ্ধ হয়েছেন।
জাদেজার বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.২.৮ ধারা (অতি আগ্রাসন) লঙ্ঘন করার অভিযোগ প্রমাণিত হয়েছে। সে কারণেই বর্তমান সময়ের অন্যতম সেরা টেস্ট বোলারকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানায় আইসিসি।
এক টেস্ট নিষিদ্ধের পাশাপাশি জাদেজাকে ৬ ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে। আগামী দু’বছরের মধ্যে তিনি যদি ৮ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান, তাহলে চার সাসপেনশন পয়েন্ট জুটবে। তাতে দুটি টেস্ট ম্যাচ বা চারটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ বা সমান সংখ্যক টি-টুয়েন্টি ম্যাচের মধ্যে যেগুলি আগে হবে সেগুলোতে নিষিদ্ধ হবেন।
টেস্টের তৃতীয় দিনের ৫৮তম ওভারের শেষ বল করার পর বিপজ্জনকভাবে ব্যাটসম্যানের দিকে বল ছোঁড়েন জাদেজা। শ্রীলঙ্কার ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে ক্রিজ ছাড়েননি। তা সত্ত্বেও তাকে লক্ষ্য করে বল ছোঁড়েন তিনি। বলটি অল্পের জন্য করুনারত্নের পাশ দিয়ে চলে যায়। এই ঘটনার পরেই ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে জাদেজার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দুই মাঠ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও রড টাকার।
আইসিসি জানিয়েছে, জাদেজা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নিয়েছেন। ফলে কোনও শুনানি ছাড়াই তাকে শাস্তি দেয়া হল।
এর আগে ২০১৬ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে আইসিসির আচরণবিধির ২.২.১১ ধারা লঙ্ঘন করেন জাদেজা। সেই ঘটনার জন্য তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। একইসঙ্গে ৩ ডিমেরিট পয়েন্টও পান জাদেজা।








