অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও জলবায়ু পরিবর্তনের বিষয়ে সব সময়ই বেশ সচেতন এবং প্রতিবাদী। আর তাই, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘দি পিপল’স ক্লাইমেট মার্চ’-এ হাজারো জনতার সাথে পথে হেটে বিক্ষোভ করেন তিনি।
শনিবার আয়োজিত এই বিক্ষোভে বেশ সাদামাটা সাজেই গিয়েছিলেন ডিক্যাপ্রিও। সাধারণ নীল টি-শার্ট, নিউজ বয় ক্যাপ আর সানগ্লাসে তিনি মিশে গিয়েছিলেন সাধারণ মানুষের সাথে। তবে তার হাতের কাগজটিতে বেশ জোরালো স্লোগান লেখা ছিল। লাল-নীল রঙে লেখা ছিল ‘ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল।’
লিওনার্দো ডিক্যাপ্রিওর এই প্রতিবাদ শুধু ‘দি পিপল’স ক্লাইমেট মার্চ’-এ সীমাবদ্ধ ছিল না। টুইটার একাউন্টেও ভক্তদেরকে জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। টুইটারে তিনি লিখেছেন, “আদিবাসী এবং নেতাদের সাথে জলবায়ু পরিবর্তনের ন্যায়বিচার চাওয়ার সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত-বোধ করছি। আজকের ‘ক্লাইমেট মার্চ’, ভবিষ্যতের জন্য আমাকে অনুপ্রাণিত ও আশাবাদী করেছে। জলবায়ু পরিবর্তনের ব্যাপারে ন্যায়বিচার পেতে আমাদেরকে একসাথে কাজ করতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে।”
ট্রাম্পের ক্ষমতার ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত, ‘দি পিপল’স ক্লাইমেট মার্চ’-এ অংশগ্রহণ করেছেন নামী-দামী তারকা সহ দেশটির বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ। ট্রাম্পের ‘জলবায়ু পরিবর্তন এক ধরনের গুজব, যা চীনের তৈরি কল্পকাহিনী’- এই দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করেন বিক্ষোভকারীরা। ওয়াশিংটনে কংগ্রেস থেকে বিক্ষোভকারীরা পদযাত্রা করে হোয়াইট হাউস পার হয়ে ওয়াশিংটন মনুমেন্ট গিয়ে জড়ো হন। ডেকান ক্রনিকল।








