এক বছর আগের মুস্তাফিজুর আর এক বছর পরের মুস্তাফিজুরের মধ্যে পার্থক্য আকাশ-পাতাল। তাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। বয়স বেড়েছে মাত্র এক বছর। কিন্তু প্রাপ্তির খাতায় যোগ হয়েছে বহু বছরের সাফল্য। সেই তরুণ তুর্কি মুস্তাফিজের ২০তম জন্মদিন। অন্যরকম এক জন্মের মধ্য দিয়ে ১৯ পেরিয়ে ২০ এ পা রাখলেন সাতক্ষীরা এক্সপ্রেস।
জন্মদিন উপলক্ষে চ্যানল আই অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেন, ‘এই মাত্র প্রাকটিস শেষ করে এলাম। কোনো বিশেষ আয়োজন নেই জন্মদিনকে ঘিরে। তবে জন্মদিনে পরিবারের সদস্য না থাকায় খারাপ লাগছে। আপাতত ধ্যান জ্ঞান সব কিছুই অস্ট্রেলিয়া সিরিজকে ঘিরে।’
মাত্র বিশ বছরে ক্রিকেট বিশ্বকে শাসনের ইংগিত করা সাতক্ষীরা এক্সপ্রেস বলেন ‘এখন আমার ভালো সময় যাচ্ছে। দেশবাসীর কাছে বলতে চাই, আমার জন্য সবসময় দোয়া করবেন যেনো বাংলাদেশের হয়ে নিজের সেরা খেলাটা খেলতে পারি।’
১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের উদীয়মান এ তারকা ক্রিকেটার। সাতক্ষীরা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে মুস্তাফিজের বাড়ি। চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট তিনি।
বাংলাদেশের এই তরুণ তুর্কি জনপ্রিয়তা পেয়েছেন ‘কাটার মাস্টার’ নামে। তার বৈচিত্রময় কাটারে নাকানি চুবানি খেয়েছেন ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ। টেস্টেও দ্রুত সাফল্য পেয়ে যান মুস্তাফিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক ম্যাচে বাঁহাতের জাদু দেখিয়ে হন ম্যাচসেরা। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ও টেস্ট- দুই ফরম্যাটের অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার জেতেন বাংলাদেশের এই বিস্ময় প্রতিভা!
বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে মুস্তাফিজ তার প্রথম দুটি একদিনের ক্রিকেট ম্যাচে ১১টি উইকেট লাভ করেন। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে তুলে নেন ছয় উইকেট। তার চমকপ্রদ পারফরম্যান্সে বাংলাদেশ প্রথমবারের মত ওয়ানডের দুবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে।
মুস্তাফিজের কাটার রহস্য এখনো অভেদ্য ক্রিকেট বিশ্বে। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ম্যাকগ্রা’দের মতো বোলাররা ক্রিকেটে বিস্ময় নিয়ে এসেছিলেন। তাদের আগমন সময়ে গোটা ক্রিকেট বিশ্বকে তারা শাসন করতেন। মুস্তাফিজও তেমন বিস্ময় নিয়ে এসেছেন। শাসন করা শুরুও করেছেন ক্রিকেট বিশ্বকে। তার কাটার রহস্য নিয়েও বিশ্ব ক্রিকেটে কম আলোচনা হয়নি। এগিয়ে যাক মুস্তাফিজ, তার সাফল্যে আলোকিত হোক বাংলাদেশ ক্রিকেট। শুভ জন্মদিন মুস্তাফিজ







