চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের দল ১৫ সদস্যের। চারজন ক্রিকেটারকে রাখা হয়েছে অপেক্ষমাণ তালিকায়। তাদের একজন নুরুল হাসান সোহান। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলে থাকলেও নেই আইসিসির আসরে। কিন্তু অপেক্ষমাণ তালিকায় থাকায় অন্যদের মত ত্রিদেশীয় সিরিজ শেষে দেশে ফিরে আসবেন না সোহান। থেকে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সঙ্গেই। তার ব্যয়ভার বহন করবে বিসিবি।
বাড়তি একজন উইকেটরক্ষক দলের সঙ্গে রাখা প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বললেন, ‘নুরুল হাসান সোহানকে আমরা অতিরিক্ত উইকেটরক্ষক হিসেবে রাখব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। মূল উইকেটরক্ষকের অনাকাঙ্ক্ষিত ইনজুরি সমস্যা হলে আমরা যেন দ্রুততম সময়ে সেটা রিপ্লেস করতে পারি এজন্যই তাকে রাখা।’
জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিম ইনজুরিতে পড়লে শেষ দুটি ওয়ানডে ম্যাচে গ্লাভস হাতে উইকেটের পেছনটা সামলেছেন নুরুল হাসান সোহান।







