আজ চৈত্র সংক্রান্তি। বাংলা বছরের শেষ দিন। ঋতুরাজ বসন্তও আজই বিদায় নেবে প্রকৃতি থেকে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কালের অতলে হারিয়ে যাবে আরও একটি বছর। একদিন পর ১৪২৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির কর্মযজ্ঞ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়।
এবারের বর্ষবরণের প্রতিপাদ্য ‘অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে’। তাই মধ্যরাতেও সরগরম ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
এখানে কাজ করতে আসা একজন বলেন, এ সময়টা আমাদের খুব আনন্দের সময়। এই শেষ সময়ে এসে আমরা ছোট বড় মিলে এক সাথে কাজ করি।
এবারের মঙ্গল শোভাযাত্রায় শিশুহত্যা, নারীর প্রতি সহিংসতা ফুটিয়ে তুলতে মা ও শিশু, বাঘ, সুন্দরবনের হরিণ, ষাড় ও পেঁচাসহ বাংলার চিরায়ত সংস্কৃতির সবকিছুই ফুটিয়ে তোলা হচ্ছে চিত্রকর্মগুলোতে।
চারুকলার সাবেক এক শিক্ষার্থী বলেন, শোভাযাত্রাটাকে ভালো অবস্থনে নিয়ে যাওয়ার জন্য সবাই পরিশ্রম করে থাকে। এখানে চারুকলার শিক্ষক ছাত্র-ছাত্রী থেকে শুরু করে চারুকলার বাইরের ছেলেরাও আসে কাজ করার জন্য।
মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির পাশাপাশি বিকেলে চারুকলা অনুষদের বকুলতলায় হবে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান।
বর্তমান এক শিক্ষার্থী বলেন, সন্ধ্যায় যে চারুকলায় যে অনুষ্ঠানটি হয়ে থাকে তার সব প্রস্তুতি শেষ। সব লোকজ নাচ, লোকজ গান এরমধ্যে আছে কিছু গ্রামীণ কবিতা আর ডেকোরেশনটাও পুরোপুরি লোকজভাবেই হচ্ছে।
পুরোনো বছরকে বিদায় জানাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারা-চ্যানেল আই আয়োজন করেছে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান।








