আগের সাত ম্যাচের দুটিতে হার ছিল। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলেও শুরুর দিকে বেশ রাজত্ব করছিল বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। সেই দলটিকে অষ্টম ম্যাচে এসে তৃতীয় হার (২-১) দেখাল মৌসুমের প্রথম জয় পাওয়া ক্রিস্টাল প্যালেস।
এই হারের পর ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকতে হচ্ছে চেলসিকে। ২০ দলের মধ্যে শেষ দিক থেকে ‘প্রথম’ স্থানে থাকা প্যালেসের সংগ্রহ ৩ পয়েন্ট।
চেলসি ১১ মিনিটের মাথায় ডুবে যায় আত্মঘাতী গোলে। অ্যাজপিলিকুয়েটা বাউন্সি ক্রস ক্লিয়ার করতে যেয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন! চেলসি ম্যাচে ফেরে ১৮তম মিনিটে ব্যাকাইওকোর গোলে। এরপর প্রথমার্ধের ৪৫ মিনিটের সময় প্যালেসের জয়সূচক গোলটি করেন ইনজুরি থেকে সেরে ওঠা উইলফ্রেড জাহা।
গোটা ম্যাচে প্যালেস চেলসির চোখে চোখ রেখেই লড়াই করেছে। চেলসির ৫৫৭ পাসের বিপরীতে তারা মোট পাস দিয়েছে ৪৩২টি। বল দখলের লড়াইয়ে চেলসির সফলতা ছিল ৫৭ শতাংশ, প্যালেসের ৪৩ শতাংশ।
অন্য ম্যাচে স্টোক সিটিকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে ম্যান সিটি। এই জয়ের পর ৮ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে তারা। আগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে গোলশূন্য ‘ড্র’ করা ম্যানইউ ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।








