চিকুনগুনিয়া প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে রাজধানীতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালিয়েছে। শনিবার রাজধানীর ৯২টি স্থানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ জনসচেতনতা কার্যক্রম চালানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সহায়তায় রাজধানীর সরকারি-বেসরকারি সব মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং ইনস্টটিউিসহ সব ধরনের প্যারামেডিকেল ইনস্টটিউিট, অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টটিউিট (ম্যাটস্) ও জনস্বাস্থ্য বিষয়ক স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থী এই সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছে। শুধু শিক্ষার্থীরাই নয়, তাদের শিক্ষকগণও এই সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে।
এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শিক্ষার্থীরা একটি স্বাস্থ্য বার্তা (লিফলেট) বিতরণ করে। চিকুনগুনিয়া জ্বরের বাহক এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে এবং এ রোগ নিয়ে জনসচেতনতা তৈরি করতে তারা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ প্রচারণা চালায়।
স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এই সচেতনতামূলক কার্যক্রমে মেডিক্যাল শিক্ষার্থীদের সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বর লেকের আশেপাশে এডিস মশা নিধনে অংশগ্রহণ করেন।
বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:








