বিজ্ঞাপনের মডেল হিসেবেই বেশি পরিচিত কারার মাহমুদ। এখন পর্যন্ত করেছেন ৪০টির মতো বিজ্ঞাপন। সম্প্রতি শেষ করলেন নতুন বিজ্ঞাপনের কাজ। তবে এবারের বিজ্ঞাপনের অভিজ্ঞতা একটু ভিন্ন। কারণ প্রথমবারের মতো কাজ করেছেন একজন শ্রমিকের চরিত্রে।
কারার চ্যানেল আই অনলাইনকে জানান, বিজ্ঞাপন তো এখন পর্যন্ত অনেক করেছি। তবে এবারেরটা আমার কাছে একটু আলাদা। কারণ বেশির ভাগ বিজ্ঞাপনে আমাকে যেভাবে দেখানো হয় তা এখানে নেই। এখানে আমি একজন শ্রমিক। তাই স্বাভাবিকভাবেই অন্য রকম একটা অভিজ্ঞতা ছিল। আশা করি দর্শকদেরও বিজ্ঞাপনটি ভালো লাগবে।
নতুন এই বিজ্ঞাপনের শুটিং হয়েছে রাজধানীর উত্তরার দিয়া বাড়িতে। পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার।
এই বিজ্ঞাপন ছাড়াও আর বি প্রীতমের পরিচালনায় আরও একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন কারার। খুব শিগগিরই বিজ্ঞাপন দুটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান কারার।








