বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ এবং চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি ডা. চন্দন দাশসহ চট্টগ্রামের পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উদীচী।
এক প্রতিবাদপত্রে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, গত কয়েক বছর ধরে একটি গোষ্ঠী বারবার দেশের শিক্ষা ও সংস্কৃতির সাথে জড়িত বিশিষ্টজনদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। বিশেষ করে যারা একাত্তরের চিহ্নিত যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে জনতার আন্দোলনে বহু বছর ধরে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তাদেরকে আরো বেশি করে হুমকি দেয়া হচ্ছে।
তারই ধারাবহিকতায় এবার হুমকি দেয়া হয়েছে চট্টগ্রামের পাঁচ বিশিষ্ট জনকে। তাদের মধ্যে রয়েছেন স্বনামধন্য সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি এবং উদীচী’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সদস্য সচিব ডা. চন্দন দাশ।
প্রতিবাদপত্রে উদীচী’র সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, হুমকি পাওয়া পাঁচজনই দীর্ঘদিন ধরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনে যুক্ত। চট্টগ্রামে গণজাগরণ মঞ্চ গঠন এবং এর আন্দোলনকে ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের বিশেষ অবদান রয়েছে।
এছাড়া, দেশের শিল্প-সংস্কৃতি ও শিক্ষাখাতকে সব ধরনের কলুষতামুক্ত করা এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী করে গড়ে তোলার ক্ষেত্রেও তারা সকলেই নানাভাবে অবদান রেখে চলেছেন। মুক্তিযুদ্ধে চার মূলনীতি অনুযায়ী একটি ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লড়াইয়ে তারা প্রত্যেকেই অগ্রণী সৈনিক হিসেবে ভূমিকা রাখছেন।
দেশের প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করাই এধরনের মানুষদের হত্যার হুমকি দেয়ার মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেন কামাল লোহানী ও প্রবীর সরদার।
অবিলম্বে হুমকিদাতাদের চিহ্নিত করা, গ্রেফতার করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানান উদীচী’র সভাপতি ও সাধারণ সম্পাদক। একইসাথে হুমকি পাওয়া পাঁচ বিশিষ্ট জনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তারা।








