চট্টগ্রামে আয়োজিত জৈব কৃষি মেলাকে চ্যানেল আইয়ের ব্যতিক্রমধর্মী উদ্যোগ বলে জানিয়েছেন, বিশিষ্ট জনেরা। মেলার কারণে চট্টগ্রামের কৃষি আরো সমৃদ্ধ হবে বলে আশা করছেন তারা।
দেশের জনপ্রিয় টিভি ‘চ্যানেল আই’ সতেরো বছরে পদার্পণে চ্যানেল আই চট্টগ্রাম অফিস তিন দিনব্যাপী জৈব কৃষি মেলার আয়োজন করেছে।
নগরীর ডিসি হিলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। জৈব কৃষি মেলায় অংশগ্রহণকারী এবং অতিথিরা মেলার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার জানিয়েছেন, চ্যানেল আই সবসময় অন্যসব টেলিভিশন চ্যানেল থেকে ব্যতিক্রমী। চট্টগ্রামের আয়োজনও তা প্রমাণ করে।
পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক বলেন, চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে জৈব কৃষি মেলার যে ব্যতিক্রমী আয়োজন করেছে তার জন্য চ্যানেল আইকে ধন্যবাদ। আর শাইখ সিরাজের কৃষির অনুষ্ঠান গুলো দেখে মানুষ আধুনিক চাষাবাদের দিকে ঝুঁকেছে তার জন্য চ্যানেল আইকে ধন্যবাদ।
মেলার উদ্বোধক আশা করেন, চ্যানেল আই দেশের কৃষিক্ষেত্রে যে অবদান রেখেছে আগামীতেও তা অব্যাহত রাখবে।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, শাইখ সিরাজ যে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে কৃষির বিপ্লব ঘটিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সভাপতিত্বে জৈব কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার নেতারা বক্তৃতা করেন।







