রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের চকলেট উৎসবে গিয়ে অনেকেই হতবাক। উৎসবে এসেছে ৯০ কেজির একটি চকলেট, যা আসলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূর্তি।
ভাস্কর নিকিতা গুসেভ এর আগেও নিজের ইচ্ছেতেই চকলেট দিয়ে স্ট্যালিন ও মাইকেল জ্যাকসনের মূর্তি বানিয়েছিলেন।
তবে এবারটা তাকে বানাতে হয়েছে অনুরোধে। সেন্ট পিটার্সবার্গের চকলেট মেলা কর্তৃপক্ষ তাকে অনুরোধ করে এই মূর্তি বানাতে। সেই মতোই পুতিনের পোষা কুকুর কোনিসহ এই পূর্ণাবয়ব মূর্তি বানান তিনি।
উৎসব শুরু হওয়ার আগে অবশ্য আয়োজকরা বেশ চিন্তায় ছিলেন। তাই মূর্তির চারপাশে বড় বড় করে লিখে দেওয়া হয়েছে, মূর্তির আশেপাশে আসা তো নিষেধই, কেউ কামড়ানো বা চাটার চেষ্টা করলেও তার কপালে জুটবে কঠিন শাস্তি। সেই ভয়েই হয়তো, এখনও অক্ষত আছে ৯০ কেজি বেলজিয়ান চকলেটের পুতিন মূর্তিটি।






