সিরিয়ার দক্ষিণ-পশ্চিমে গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক স্থাপনার ওপর ইরানি বাহিনী রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের ‘রেভ্যুলেশনারি গার্ড’ বাহিনী স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ইসরায়েল অধিকৃত গোলানের দিকে ২০টির মতো রকেট ছোড়ে। রকেটগুলোর বেশ কয়েকটি আঘাত করার আগেই ধ্বংস করা সম্ভব হয়েছে জানিয়েছে ইসরায়েল।
তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে ওই অঞ্চলে ইরানি সেনাবাহিনীর ‘অনিয়মিত কার্যকলাপ’ লক্ষ্য করার কথা জানায় ইসরায়েল। ওই সময় ইসরায়েলি সেনাবাহিনীকে সরকার হাই অ্যালার্টে রেখে গোলান হাইটসে বসবাসকারীদের নিরাপদ অবস্থানে সরে যেতে বলে।
ইরানের রকেট ছোড়ার ঘটনার পর এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, এ ঘটনাকে তারা ব্যাপক কঠোরতার সঙ্গে দেখছে এবং আরও বহু ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি আছে।
এছাড়া ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জনাথন কনরিকাস গণমাধ্যমকে ইরানের রকেট হামলার জবাব দেয়া হয়েছে বলে জানান। তবে সেই জবাবের ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।
এর কিছু সময় পর সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, সিরিয়ার শহর হোমসের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে কয়েক ডজন মিসাইল ছুড়েছে। মিসাইলগুলোর মধ্যে কয়েকটি এয়ার ডিফেন্স পজিশন এবং অস্ত্রাগারসহ বেশ কিছু সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
ইরানের এই হামলা মূলত মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি সেনা ঘাঁটিতে ইসরায়েলের মিসাইল হামলার ধারাবাহিকতায় ঘটল। সানা জানিয়েছিল, কিসওয়াহ এলাকায় ছোঁড়া ইসরায়েলের দু’টি মিসাইলের আঘাতে দুই বেসামরিক নাগরিক নিহত হয়।








