টলিউড সুপারস্টার দেব এবং রুক্মিনী’র প্রেমের খবর সকলের কাছে ছিল ‘ওপেন-সিক্রেট’ ব্যাপার। বাতাসে ভেসে বেড়াতো কয়েক বছর ধরে তারা চুটিয়ে প্রেম করছেন! এও শোনা যেত, তারা নাকি একসঙ্গে ছাঁদনাতলায় বসবেন! কিছু গুঞ্জন বিফলে যায় না। এবার জানা গেল শুধু প্রেম নয়, এরই মধ্যে তারা গোপনে বাগদান সেরে ফেলেছেন। এমনটা নিজ মুখে স্বীকার করেছেন রুক্মিনী।
বিষয়টি নিয়ে কলকাতার সু-পরিচিত গণমাধ্যম খবর প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, পরিচালক শাশ্বত চট্টোপাধ্যায় তার নতুন ছবির জন্য দেবের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে মিটিং করছিলেন। ওখানে হুট করেন হাজির হন রুক্মিনী।
এরপর শাশ্বত চট্টোপাধ্যায় রুক্মিনীকে প্রশ্ন করেন, ছবিতে দেবের সঙ্গে না থাকার পরেও কেন এসেছেন স্ক্রিপ্ট মিটিংয়ে?
পাল্টা জবাবে ‘চ্যাম্প’ ছবির এই নায়িকা উত্তর দেন এভাবে, শাশ্বত কেন তার মুভি প্রিমিয়ারে বউকে নিয়ে যান! সঙ্গে রুক্মিনী আরও জানিয়ে দেন, তিনি দেবের বাগদত্তা।
সুতরাং তিনি যে দেবের সব কিছুর সমান অংশীদার তা বলার আর অপেক্ষা রাখে না। তখনই রুক্মিনীর সঙ্গে দেব তার বন্ধুত্বের ট্যাগ খুলে ফেলেন। স্পষ্ট জানিয়ে দেন, রুক্মিনী তার বাগদত্তা।
বাকি আছে শুধু সানাই বাজিয়ে রুক্মিনীকে নিয়ে সাতপাকে ঘুরে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়া। আরো মজার ব্যাপার হচ্ছে, নায়িকার বাম হাতের অনামিকায় (আঙুল) -এ ‘এনগেজমেন্ট আংটি’ নিয়ে যে জল্পনা ছিল, সেই জট এবার খুলে গেল। বেশ আগেই তারা গোপনে বাগদান সেরেছেন বিষয়টি পরিষ্কার হয়ে গেল।
এদিকে টলিপাড়ার খবর, ক্যারিয়ার ঠিক রাখতেই এতদিন বাগদানের খবর গোপন রেখেছিলেন দেব-রুক্মিনী। হঠাৎ যেহেতু বিষয়টি আলোচনায় এসেছে, তারাও সিদ্ধান্ত নিচ্ছেন, শিগগির বিয়ে করবেন। তবে কোন শুভদিনে একে-অপরের গলায় মালা পরিয়ে দেবেন দেব-রুক্মিনী সেটা সময় বলে দেবে।







