এবারের আইপিএলে সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান কে? এক বাক্যে আন্দ্রে রাসেলের নাম উচ্চারণ করবে ক্রিকেটপ্রেমীরা! ক্যারিবীয় অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্সের হয়ে এতবার পার্থক্য গড়ে দিয়েছেন যে, যতক্ষণ উইকেটে থাকছেন ম্যাচের ফল নিয়ে ভাবতে হচ্ছে না। বিশাল সব ছয়ের সঙ্গে ধারাবাহিক ব্যাটিং, কলকাতার জন্য এমন রাসেলকে পাওয়া সৌভাগ্যেরই!
রাসেলের পাওয়ার হিটের কথা সবাই জানলেও তার এবারের ফর্ম যেন ছাপিয়ে যাচ্ছে অতীতের সব পারফরম্যান্সকে। স্ট্রাইকরেট ও ব্যাটিং গড়, সবার চেয়ে এগিয়ে ক্যারিবীয় অলরাউন্ডার। ১০ ইনিংসে এখন পর্যন্ত রান করেছেন ৩৯২। গড় ৬৫.৩৩। ছয়ে সবার চেয়ে এগিয়ে, সংখ্যাটা ৪১! দ্বিতীয়তে আছেন তার জাতীয় দল সতীর্থ ক্রিস গেইল, যার ছক্কার ২১টি। মজার বিষয় হচ্ছে, গেইলের এক পরামর্শ মাথায় রেখেই তাকে ছাপিয়ে যাচ্ছেন রাসেল!
‘ক্রিস গেইল আমার জীবনটা বদলে দিয়েছে। পাওয়ার হিটিংয়ের ব্যাপারে ওর থেকে অনেক কিছু শিখেছি।’ আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে রাসেলের ভাষ্য এমনই।
‘‘আমি আগে হালকা ব্যাট ব্যবহার করতাম। কিন্তু যখন হালকা ব্যাটে বল মারার পর কোথাও যেত না, বিশ্বকাপের সময় একদিন গেইল আমার কাছে এসে বললেন, ‘রাস, তুমি তো এর থেকেও ভালো। তুমি বড় ব্যাট ব্যবহার করো না কেন?’’
ওয়েস্ট ইন্ডিজের নির্বাসিত খেলোয়াড়দের তালিকায় একটা সময় রাসেলের নামটাও ছিল। গত বছর বাংলাদেশ সফরে ডাক পেয়ে জাতীয় দলের জার্সি আবারও গায়ে চড়াতে পেরেছেন। জাতীয় দলে না খেললেও আইপিএলে নিয়মিত মুখদের একজন তিনি।
গেইলের পরামর্শে যেমন পাল্টে গেছে রাসেলের পাওয়ার হিট, তেমনি ক্যারিয়ারের মোড় পাল্টে যাওয়ার পেছনে ২০১৬ সালে ভারত বিশ্বকাপকেই সব কৃতিত্ব দেন রাসেল, ‘২০১৬তে যখন আমরা ভারতে বিশ্বকাপ জিতলাম, সেটা আমার জীবনটাও বদলে দিল। সেমিফাইনালে ৪৩ বলে ৪৮ রান করেছিলাম। এখন আমার ব্যাট বড়। ব্যাটের পিছনে অনেককিছু রয়েছে এখন। সেগুলো ব্যবহার করেই খেলি।’









