অস্ট্রেলিয়ায় অভিবাসনের সুযোগ না পেয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন এক ইরানি শরণার্থী। ওমিদ নামের ২৩ বছর বয়সী ওই যুবক অবৈধভাবে সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় ঢোকার সময় আটক হয়।
অস্ট্রেলিয়ার কঠোর অভিবাসন আইন অনুযায়ী পরে তাকে নাউরু নামের দ্বীপরাষ্ট্রের একটি কারাগারে আটক রাখা হয়। অভিবাসন না দিয়ে আটকে রাখার প্রতিবাদ হিসেবেই তিনি নিজের গায়ে আগুন দেন বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনাকে ওমিদের ‘রাজনৈতিক প্রতিবাদ’ বলে মন্তব্য করেছে নাউরু সরকার। গুরুতর আহত ওমিদকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে অস্ট্রেলিয়ার ব্রিসবেন হাসপাতালে নিয়ে আসা হলেও বাঁচানো যায়নি তাকে।
মানবাধিকার সংগঠনগুলোর চাপের মুখে ওমিদের পরিবার-স্বজনদের যথাযথ সহায়তার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া।








