তনু হত্যার বিচার দাবিতে সোচ্চার পুরো দেশ। শুধু দেশেই নয় দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে সেই খবর। অবশ্য ধর্ষণ বা খুন এদেশে নতুন কিছু নয়। এর আগেও অনেক খুন ও ধর্ষণের বিচার চেয়ে পথে নেমেছে জনগণ। বিষয়টি নিয়ে এক কানাডিয়ান নাগরিক কথা বলছেন সাবেক ছাত্রনেতা ও প্রবাসী শিক্ষাবিদ মঞ্জুর এ খোদা টরিকের সঙ্গে।
নিজের ফেসবুকে সেই বিড়ম্বনাময় পরিস্থিতির বর্ণনা করে আলোকপাত করে স্ট্যাটাস দিয়েছেন ওই সাবেক ছাত্রনেতা।
মঞ্জুর এ খোদা টরিক লিখেছেন,
টরেন্ট ইউনিভার্সিটি ক্লাসের ফাঁকের চা বিরতিতে ক্লাউডিয়া নামের এক মেয়ে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমাদের দেশে কেউ খুন-ধর্ষণ হলে বিচার চেয়ে মিছিল-সমাবেশ করে কেনো?
আমি তার প্রশ্ন শুনে অবাক হলাম! ভাবছি, এই মেয়ে বলে কি..?
আমি বললাম, কেন বিচার চাইবে না..? খুন-ধর্ষণের মতো এতবড় অপরাধ হলে মানুষ বিচার চাইবে না..? বলো কি..?
ক্লাউডিয়া, কেন তোমাদের দেশে থানা-পুলিশ-আইন-আদালত-সরকার নেই?
আমি বললাম, আছে..!
ক্লাউডিয়া, তাদের কাজই তো তদন্ত করা, বিচার করা, শাস্তি দেয়া ও শান্তি-শৃংখলা রক্ষা করা..!
আমি বললাম, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমাদের দেশে সবকিছু ঠিকঠাক মতো চলে না বলেইতো.. নাগরিকদের বিচার চাইতে হয়..!
ক্লাউডিয়া, কিন্তু সরকার বিচার করবে না কেন..? তাহলে তারা করে কি..? ক্ষমতায় আছে কেন?
অনেক প্রশ্ন ওর.., কারণ আমি ঠিকই বুঝতে পারছি, ও কেন এমনটা ভাবছে এবং প্রশ্ন করছে?
ক্লাউডিয়ারা যে সমাজে বড় হয়েছে, ওরা দেখে আসছে সেখানে যে কোনো অপরাধের বিচার ও শাস্তি হয়, শীর্ষ রাজনীতিক, অভিনেতা, খেলোয়ার, গায়ক, ব্যবসায়ী, সৈনিক কেউই আইনের উর্দ্ধে নয়..! আমাদের দেশের অসঙ্গতি-অনিয়ম ওদের মাথায় খেলে না বলেই এমন শিশুতোষ প্রশ্ন ও আমাদের বিড়ম্বনা।







