রোনালেদা ইজ ব্যাক! এমন শিরোনামে ছেয়ে গেছে রোনালদো ভক্তদের সোশ্যাল মিডিয়া পেজ। কারণ দেশের জার্সিতে বিশ্বকাপজয়ের শপথ নিয়ে মাঠে নামছেন সিআর সেভেন।আলজেরিয়ার বিরুদ্ধে পর্তুগালের প্রাক বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার পাওয়া যাবে রিয়াল তারকাকে।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর কয়েক দিন বিশ্রাম নিয়ে মাঠে ফিরছেন রোনালদো। আলজেরিয়ার বিরুদ্ধে পর্তুগালের হয়ে অধিনায়কের মাঠে নামার কথা নিশ্চিত করেছেন কোচ ফার্নান্ডো স্যান্টোস। শেষ দুই প্রস্তুতিতে তিউনিসিয়া ও বেলজিয়ামের বিরুদ্ধে ড্র করেছে পর্তুগাল। দুই ম্যাচেই রোনালদোহীন ছিল পর্তুগাল।
বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে রোনালদোকে লড়াইয়ের প্রেরণা দিচ্ছেন তার দেশের বিশেষভাবে সক্ষম খুদে সমর্থকরা। সোমবারই প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন তিনি। পর্তুগাল অধিনায়ক জানিয়েছেন, অনুশীলনের মাঝে নিজেকে ফুরফুরে রাখছেন এই সব খুদে সমর্থকদের সঙ্গে সময় কাটিয়েই।
রাজধানী লিসবনের পশ্চিমে ওয়াইরাসে পর্তুগালের বিশ্বকাপ চলছে। সেখানেই মঙ্গলবার সকালে ইউরোপ চ্যাম্পিয়নদের বিশ্বকাপ জেতার জন্য শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিল দুই
খুদে ভক্ত। তাদের গায়ে ছিল পর্তুগালের জার্সি। গলায় জাতীয় দলের প্রতীকযুক্ত স্কার্ফ।
অনুশীলন সেরেই দুই খুদে ভক্তের সঙ্গে দেখা করেন রোনালদো। তাকে সামনে দেখে দুই সমর্থকই প্রথমে অবাক হয়ে যান। পরে তাদের প্রিয় ফুটবলারের কাছে বিশ্বকাপ পর্তুগালে নিয়ে আসার জন্য আবদারও করে জোয়াও ও ফ্রান্সেসকা।
জোয়াওকে কপালে চুমো দেন রোনালদো। দু’জনের সঙ্গেই সেলফি তোলেন এবং তাদের জার্সিতে নিজের সইও দেন। জোয়াও ও ফ্রান্সেসকার অভিভাবকদের কাছ থেকে দু’জনের চিকিৎসার ব্যাপারেও খোঁজখবর নেন। পরে উপস্থিত সাংবাদিকদের রোনালদো বলেন, ‘এই খুদে ভক্তরাই আমার প্রেরণা। তাদের লড়াই মনের জোর বাড়ায়।’
বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে স্পেনের সঙ্গে রয়েছে পর্তুগাল। তাদের গ্রুপের বাকি দুই দল মরক্কো এবং ইরান। ১৫ জুন স্পেনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে রোনালদোরা।







