প্রতি বছর ঈদে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করে থাকেন। কিন্তু গত রোযার ঈদ এবং এবার ঈদ উল আযহার সময় তিনি কারাগারে বন্দী। বিভিন্ন সূত্রে জানা গেছে, এই অবস্থায় কিছু নির্দিষ্ট কর্মসূচি আর গণসংযোগের মধ্যে দিয়ে বিএনপির সিনিয়র নেতাদের ঈদ কাটবে বলে।
সামনে জাতীয় সংসদ নির্বাচন, অথচ গত ১০ বছরের মধ্যে বর্তমান সময়ে বিএনপি সবচেয়ে নাজুক অবস্থায় আছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
‘দলীয় চেয়ারপার্সন কারাগারে বন্দী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে স্বেচ্ছায় নির্বাসনে। মামলা-হামলায় জর্জরিত বিএনপি নেতাদের ঈদ বলতে নেই বললেও চলে’- বলছিলেন জনৈক বিএনপি সমর্থক।
এই অবস্থায় ঈদের দিনটি নানা কর্মসূচির মধ্যে বিএনপি নেতাদের কাটবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতারা প্রথমে যার যার মতো করে ঈদের নামাজ আদায় করবেন। জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে অনেকেই ঢাকায় ঈদ করার কথা রয়েছে।
চ্যানেল আই অনলাইনকে দেয়া বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদারের তথ্য মতে, আগামীকাল বুধবার সকাল সাড়ে ১১টায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে রাজধানীর শের-ই বাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও দলের জ্যেষ্ঠ নেতারা।
শামসুদ্দিন দিদার আরও বলেন, এরপর কারান্তরীণ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবেন নেতৃবৃন্দ। একই সঙ্গে খালেদা জিয়ার আত্মস্বজনও খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে।
স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে কে কোথায় ঈদ করবেন?
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে অনেকেই ঢাকায় ঈদ করছেন এবার।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদ করবেন ঢাকায়। ঠাকুরগাঁও ঈদ করার কথা থাকলেও শেষ মুহূর্তের সিদ্ধান্তে তিনি ঢাকাতেই ঈদ করছেন, জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারি কৃষিবিদ ইউনুস আলী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ঈদ করবেন ঢাকায়। স্থায়ী কমিটির আরেক প্রবীণ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ঈদ করবেন নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জে। স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিক তরিকুল ইসলাম ঈদ করবেন নির্বাচনী এলাকা যশোরে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান ঈদ করবেন ঢাকায়, ড. মঈন খান ঈদ করবেন নির্বাচনী এলাকা নরসিংদীর পলাশে, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস ঈদ করবেন ঢাকায়।
স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি তার বিরুদ্ধে ৫৭ ধারায় একটি মামলা হওয়ার পর থেকে অনেকটা আত্মগোপনে। বরাবরই তিনি চট্টগ্রামে ঈদ করে থাকেন। নির্বাচনের বছরে কোরবানীর ঈদ নিজ এলাকাতেই করতে চান বিএনপির এই নীতিনির্ধারক, জানিয়েছেন তার নিকটজনেরা।
স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ যথারীতি ঈদ করবেন ভারতে। অনুপ্রবেশের দায়ে ২০১৫ সাল থেকে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে আছেন তিনি। গত ৩ বছরে ৬টি ঈদ সেখানেই করতে হয়েছে তাকে। এবারও সেখানেই ঈদ করতে হবে তাকে।
বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম , ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দীন আহমেদ ঈদ করবেন ঢাকায়। ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ঈদ করবেন নোয়াখালীতে। ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গায় ঈদ করবেন।
ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা গত কয়েক বছর যাবত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন। সেখানেই তিনি ঈদ করবেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, আব্দুস সালাম থাকছেন ঢাকায়।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শাহজাদা মিয়া ঢাকায় ঈদ করবেন। আরেক উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক ঈদ করবেন নোয়াখালীর সেনবাগে।
নয়াপল্টন কার্যালয়ে অবস্থান নেওয়া বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ঈদ নিজ দফতরেই হচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন ঈদ করবেন নোয়াখালীতে, আরেক যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিংদীতে ঈদ করবেন। যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বরিশালে ঈদ করবেন।
সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঈদ করবেন ঢাকায়।
বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ঈদ করবেন ঢাকায় আর সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে ঈদ করতে হবে কারাগারে।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ঈদ করবেন ঢাকায়।
এছাড়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ঢাকায় ঈদ শেষে নিজ এলাকায় যাবেন।
ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান ঈদ করবেন ঢাকায়।
ঈদ-উল-আযহা উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগার থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদের শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, ত্যাগের মহান দিন হলো পবিত্র ঈদ-উল-আযহা। এই দিন আল্লার সান্নিধ্যে সমগ্র মুসলিম জাহান কুরবানি দেবে। আমরাও তার অংশ। কিন্তু আমাদের এমন দিনেও বেদনাদায়ক পরিস্থিতি পার করতে হচ্ছে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মিথ্যা মামলায়, সরকারি চক্রান্তের শিকার হয়ে কারাগারে বন্দী। ঈদের দিন আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাই তারা যেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন।
এ সময় তিনি সরকারের কাছে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন।








