কয়েকদিন ধরে বিয়ের কেনাকাটায় ব্যস্ত বর-কনে। অনেকদিনের অপেক্ষার পর বিয়েটাও হয় ঠিক মতোই। কিন্তু খাবারের মেন্যু পছন্দ না হওয়ায় শেষ পর্যন্ত ভেস্তে যায় তাদের বিয়েটা।
নিমিষেই আইনজীবী ডেকে বর ও কনে বিবাহ বিচ্ছেদও ঘটিয়ে ফেললেন। এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের গন্ডাল নামক স্থানে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সেজেগুজে বরযাত্রীরা এসেছিলেন গন্ডালে। কনে পক্ষও খুব আয়োজন করে বরকে বরণ করে নেয় ফুল দিয়ে। মন্দিরে মন্ত্র জপে বিয়েও হয়ে যায়। এরপর দুপক্ষ বসেছেন মধ্যাহ্নভোজে।
আর বিপত্তি বাঁধলো সেখানেই। খাবারের মেন্যু দিয়ে যখন সাজিয়ে রাখা হয়েছে টেবিল, খাবার দেখেই কথা কাটাকাটি শুরু হয় দুপক্ষের মধ্যে, সামান্য মনোমালিন্য থেকে বড় আকার ধারণ করে সাথে সাথেই। আর সেটাই গড়ালো বিবাহ বিচ্ছেদ পর্যন্ত।
যদিও ঝামেলা দেখে স্থানীয় এক ব্যক্তি পুলিশকে খবর দিয়েছিল। কিন্তু পুলিশ তো আর বিয়ে জোড়া লাগাতে পারে না! কয়েক মিনিটের মধ্যেই বিচ্ছিন্ন হয়ে যায় বর-কনে।
এমনকি ডিভোর্সের সাথে সাথে দুপক্ষের আমন্ত্রিত অতিথিরাও ফেরত দিয়েছেন তাদের পছন্দের উপহারও।







