আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া ড্রাইভারের মতো রাজনৈতিক দুর্ঘটনার প্রস্তুতি নিচ্ছে। কখন এরা কোন দুর্ঘটনা ঘটায়, তা বলা যায় না।
শনিবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সস্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, গত নির্বাচনের ভুলের চোরাবালিতে আটকানো বিএনপি সেখান থেকে বের হতে না পারলে তাদের আগামী নির্বাচনের পথ ঝুঁকির মুখে পড়াসহ তাদের রাজনৈতিক অস্থিত্বই ঝুঁকির মুখে পড়বে।
আগামী নির্বাচনে বিএনপির লেভেল প্লেইং ফিল্ডের দাবীর প্রেক্ষিেত ওবায়দুল কাদের বলেন, আপনারা যখন ক্ষমতায় ছিলেন, নির্বাচনের জন্য আমাদের ডেকেছিলেন? কে কাকে ডাকে। নির্বাচনে অংশগ্রহণের অধিকার সবার রয়েছে। এটা কারো দয়া বা করুণা নয়।
স্থানীয় কিং অব চিটাগং হলে উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলে করিম চৌধুরী এমপির সভাপতিত্বে এ প্রতিনিধি সম্মেলনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়াসহ অন্যরা বক্তৃতা করেন।







