ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে কনসার্টের প্রস্তুতির সময় লাগা আগুনে এ পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে।
এখন পর্যন্ত নিহতের সর্বশেষ সংখ্যা নিশ্চিত করেছেন আলামেডা কাউন্টি শেরিফের সার্জেন্ট রে ক্যালি। তিনি জানান, উদ্ধারকর্মীরা ভবনের আরও ভেতরে যাওয়ার চেষ্টা করছে। ধ্বংসস্তুপের মধ্যে এখনও মৃতদেহের সন্ধান চলছে। আরও অনেক হতাহত খুঁজে পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকাজ শেষ করতে আরও বেশ কিছুদিন লাগবে বলে জানিয়েছেন ক্যালি।
আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ভবনটিতে আগুন লাগার পর ফায়ার অ্যালার্ম না বাজার কারণে ঘটনাস্থলের কাছাকাছি এসেও যথাস্থানে পৌঁছাতে দেরি হয় তাদের।
ওকল্যান্ডের পরিকল্পনা ও নির্মাণ বিভাগের অন্তর্বর্তী পরিচালক ড্যারিন রানেলেটি লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেছেন, গুদামটিতে লোকজন অবৈধভাবে বসবাস করছে – এমন খবর তার কানে এসেছিল।
এখন পর্যন্ত মৃতদের ৩ জনের পরিচয় নিশ্চিত করেছে পরিবারের সদস্যরা। ওকল্যান্ড ফায়ার ব্যাটালিয়ন প্রধান জানান, তাদের কর্মীরা ধ্বংসস্তুপের মধ্যে মৃতদেহ খোঁজার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরও মৃতদেহের সন্ধানে পরিত্যক্ত ওই ভবনে উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ওকল্যান্ড ফায়ার সার্ভিস প্রধান তেরেসা ডেলোচে-রিড।






