শনিবারই গ্রোয়েন ইনজুরিতে পড়েছেন পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে নেমে। বিশ্বকাপে অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিকে পাওয়া নিয়ে তাতে সংশয়ে পড়ে গেছে বেলজিয়াম। সোমবার ম্যানসিটি অধিনায়ককে রেখেই অবশ্য ২৩ সদস্যের রাশিয়াগামী দল ঘোষণা করেছেন কোচ রবের্তো মার্টিনেজ।
মার্টিনেজের দলে জায়গা হয়নি ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান বেনটেকের। তবে আরেক ইংলিশ ক্লাব চেলসি থেকে বরুশিয়া ডর্টমুন্ডে ধারে খেলতে যাওয়া মিচি বাতসুয়াই টিকে গেছেন। সঙ্গে ক্লাব মৌসুমে মলিন সময় কাটানো নাসে চাদলিও ডাক পেয়েছেন।
এএস রোমার মিডফিল্ডার রাদজা নাইঙ্গোলানকে তো ২৮ জনের দলেই রাখেননি মার্টিনেজ। তাতে সমালোচনাও শুনেছেন বিস্তর। ডি ব্রুইন, লুকাকু, হ্যাজার্ড ও কোম্পানির মতো বড় নামগুলোর অবশ্য সবাই আছেন।
বেলজিয়ান দলে দেখা পাওয়ার সম্ভাবনা ছিল হ্যাজার্ড ও লুকাকুর ভাইদেরও। তবে হ্যাজার্ডের ভাই মিডফিল্ডার থোর্গান হ্যাজার্ড কোচের আস্থা অর্জন করতে পারলেও ডাক পাননি লুকাকুর ভাই ডিফেন্ডার জর্ডান লুকাকু।
বেলজিয়াম দল
গোলকিপার: থিবো কোর্তোয়া, সিমন মিগনোলেট, কুন ক্যাস্টিল।
ডিফেন্ডার: টবি অ্যালডারউইয়ারল্ড, ডেডির্ক বোয়াটা, ভিনসেন্ট কোম্পানি, থমাস মিউনার, থমাস ভারমালেন, জ্যান ভেরটোনজেন।
মিডফিল্ডার: ইয়ানিক কারাসোকো, নাসের চাদলি, কেভিন ডি ব্রুইন, লিয়েনডার ডেনডন্সকের, মৌসা ডেম্বেলে, মারোয়ান ফেলাইনি, এডেন হ্যাজার্ড, থোর্গান হ্যাজার্ড, আদনান ইয়ানুজাই, ইয়রি টাইলেমান্স, অ্যাক্সেল উইটজেল।
ফরোয়ার্ড: মিচি বাতশুয়াই, রোমেলু লুকাকু ও ড্রেইস মার্টেন্স।







