কুয়েত প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫১ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিভিন্ন দেশের কূটনীতিকদের অভ্যর্থনা ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের গণপূর্ত মন্ত্রী এবং যুব বিষয়ক প্রতিমন্ত্রী আলী হোসেন আলী আল মুসা। বাংলাদেশ ও কুয়েতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান দিবসটি উপলক্ষে প্রধান অতিথিকে সাথে নিয়ে কেক কাটেন।
বৃহস্পতিবার ২৪ মার্চ সন্ধ্যায় ক্রাউন প্লাজায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোরশেদ।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বিশেষ তাৎপর্য তুলে ধরেন রাষ্ট্রদূত আশিকুজ্জামান। ২৬ মার্চ সকালে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীর স্বাধীনতা দিবসের বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তাগণ।
পরে সন্ধ্যায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান এর সভাপতিত্বে দূতাবাসে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায়, প্রবাসী শিল্পীরা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। এ সময় প্রবাসী, বিশিষ্টজনেরা, কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাংলাদেশী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







