জেলার, ডেপুটি জেলার ও কারারক্ষীদের শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কারাবন্দীদের সাথে মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ১২তম ডেপুটি জেলার এবং ৫৯তম কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব এ কথা বলেন তিনি।
সেসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার কারারক্ষীদের মান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। দু’শ বছরের পুরনো ইতিহাস ভেঙ্গে সকালের নাস্তায় শুকনো রুটির পরিবর্তে রুটির সাথে হালুয়া ও সবজির ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও করোনায় কারাবন্দীদের সাক্ষাৎ বন্ধ থাকায় স্বজনদের সাথে সপ্তাহে একদিন মুঠোফোনের পাশাপাশি ভিডিও কলেও কথা বলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মোকাব্বির হোসেন ও কারা মহাপরিদর্শক এ এস এম আনিসুল হকসহ বিভিন্ন কারাগারের জেল সুপার, জেলার ও ডেপুটি জেলারগণ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৩১৯ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সেরা কৃতিত্বের জন্য চারজনকে সম্মাননা প্রদান করা হয়।







