লন্ডন পার্লামেন্টের সামনে ও ওয়েস্টমিনস্টার ব্রিজে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়া এবং এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে আবু ইজ্জাদিন নামের এক ব্যক্তিকে দায়ী করা হলেও ঘটনার আগে থেকে এখন পর্যন্ত তিনি কারাগারেই বন্দী আছেন।
বুধবারের হামলায় পুলিশ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আবু ইজ্জাদিনকে অভিযুক্ত হিসেবে ঘোষণা করে সংবাদ প্রচার হলে তার ভাই যুক্তরাজ্যের চ্যানেল ৪ নিউজকে এ কথা বলেন বলে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে।
আবু ইজ্জাদিনের ভাই বলেন, ইজ্জাদিন কখনোই লন্ডন হামলাকারী হতে পারে না। কেননা ভিন্ন আরেকটি মামলায় তিনি ইতোমধ্যে কারাগারে রয়েছেন।
চ্যানেল ৪ নিউজে এ সংবাদের প্রেক্ষিতে প্রচারিত প্রতিবেদনে বলা হয়, আজ রাতের চ্যানেল ৪ নিউজে সিনিয়র স্বরাষ্ট্র বিষয়ক প্রতিনিধি সাইমন ইসরায়েল এক সূত্রের পাঠানো তথ্য থেকে জানান, আগে ট্রেভর ব্রুকস হিসেবে পরিচিত আবু ইজ্জাদিনকে ওয়েস্টমিনস্টার হামলাকারী মনে করা হচ্ছে। তবে অনুষ্ঠান চলাকালেই পরস্পর সাংঘর্ষিক তথ্য পাওয়া যায়। চ্যানেল ৪ নিউজ বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে।
এর কিছুক্ষণ পর সেই সংবাদ প্রতিনিধি সাইমন ইসরায়েল টুইটবার্তায় ভুল স্বীকার করে লিখেন, যে সূত্রকে বিশ্বাস করে আমি তথ্যটি দিয়েছিলাম, সেখানে ভুল ছিল। আমার ভুল হয়ে গেছে। আবু ইজ্জাদিন কারাগারে আছেন।
ব্রিটিশ পার্লামেন্ট ভবনের কাছে ছুরিকাঘাত ও ওয়েস্টমিনস্টার ব্রিজে গাড়ি চাপা দিয়ে ঘটানো ওই হামলায় পুলিশসহ ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছে।








