কাবাডিতে চাইনিজ তাইপের কাছে হেরে হতাশায় এশিয়ান গেমস শুরু হয়েছিল বাংলাদেশের। কাবাডির পর শুটিংয়েও হতাশা। শুটিংয়ের দ্বিতীয় দিনের দুটি ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের শুটাররা।
ইন্দোনেশিয়ার জাকার্তা-পালেমবাংয়ের প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সোমবার জেএসসি শুটিং রেঞ্জে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ডে কমনওয়েলথ গেমসের রুপা জয়ী আব্দুল্লাহ হেল বাকি ৬১৮ দশমিক ৪ স্কোর গড়ে হন ১৯তম।
বাকির চেয়ে দশ ধাপ পিছিয়ে শেষ করেন আরেক শুটার রিসালাতুল ইসলাম। ৬১৪ দশমিক ৩ স্কোর নিয়ে ৪৪ প্রতিযোগীর মধ্যে তিনি হন ২৯তম।
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ডে উম্মে জাকিয়া সুলতানা ৬১২ দশমিক ৬ স্কোর গড়ে ৪৬ প্রতিযোগীর মধ্যে ২৫তম এবং শারমিন আক্তার রত্না ৬০৯ দশমিক ৭ স্কোর গড়ে ৩৪তম হয়েছেন।
কাবাডিতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের কাছে হেরেছিলেন শাহানাজ-রুপালিরা। সোমবার দ্বিতীয় ম্যাচে ইরানের কাছে ৪৭-১৯ পয়েন্টে হেরেছে মেয়েরা।







