শত চেষ্টাতেও কান্না না থামায় রেগে গিয়ে তিন বছরের শিশু হাফিজুর রহমানকে আছাড় মারেন নুপুর বেগম। পরে হাসপাতালে মারা যায় শিশুটি। বানারীপাড়া পৌর এলাকার টিএন্ডটি মোড়ে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পার্লার ব্যবসায়ী নুপুর বেগম তার ঘরের একাংশ রিকশাচালক রিপন শেখের কাছে ভাড়া দেয়। রিপন শেখের ছেলে হাফিজুর রহমান বিকেল সাড়ে চারটার দিকে কোনো এক কারণে কান্না শুরু করে। কেউই তাকে থামাতে পারছিল না। এসময় ক্ষুদ্ধ নুপুর বেগম তাকে তুলে আছাড় মারে।
আছাড় খেয়ে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত তাকে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের ডাক্তার শিশুটিকে ঢাকায় রেফার করেন। টাকা সংগ্রহের জন্য রিপন ছেলেকে নিয়ে বানারীপাড়া ফিরে আবার বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে রাত বারোটার দিকে মৃত্যু হয় শিশুটির।
শিশুটি গুরুতর অসুস্থ হওয়ার পরপরই বাড়ীওয়ালী নুপুর বেগম বাড়ি ছেড়ে পালিয়েছে।







