ভোররাতে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউসে আগুনে ঝলসে মৃত্যু হল এক বাংলাদেশি নাগরিকের।
ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দু’জন। আনন্দবাজার অনলাইন এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৩টি দমকল ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্টসার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।
শনিবার ভোরে ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) একটি গেস্ট হাউসে আগুন দেখা যায়। গেস্ট হাউসের দোতলা থেকে দ্রুত আগুন ছড়িয়ে যায় আশেপাশে।
ওই গেস্ট হাউসের এক কর্মী জানান, রিসেপশনে এই আগুন লাগে। পরে তা ছড়িয়ে যায় অন্য ঘরগুলিতে।একে একে অন্তত দশ থেকে বারোটি ঘর পুড়ে যায়।ওই ঘরগুলিতে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন।
নিহত বাংলাদেশি নাগরিক ৬০ বছর বয়সী এক নারী। জানা গেছে, নিহতের নাম সামিমাতুল আরস।
মইনূল হক নামে আরও এক বাংলাদেশি নাগরিককে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।







