দলের প্রায় ৩৫ শতাংশ খেলোয়াড় ও স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত। রীতিমত আতঙ্কিত হওয়ার খবরটি জানিয়েছে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া। সংক্রমণের তালিকায় খেলোয়াড় ছাড়াও মেডিকেল স্টাফ আছে বলে জানিয়েছে ক্লাবটি।
গত রোববার দলটির আর্জেন্টাইন ডিফেন্ডার ইজিকুয়েল গ্যারের আক্রান্তের খবর ছড়িয়ে পড়ে স্প্যানিশ মিডিয়ায়। গ্যারে ছাড়াও দলটির শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের মধ্যে আছেন হোসে গায়া এবং ইলাকুইয়াম মাঙ্গালা। আছেন ক্লাব ডেলিগেট পাকো কামারাসা ও মেডিকেল কর্মী হুয়ান আলিয়াগা। তারা সবাই কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত বলে জানিয়েছে ভ্যালেন্সিয়া।
আক্রান্তদের জরুরি ভিত্তিতে আইসোলেশনে পাঠানো হয়েছে, বিবৃতিতে জানিয়েছে ভ্যালেন্সিয়া। ব্যবস্থা করা হয়েছে চিকিৎসার।
সারাবিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ৮৩ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭, ১৮০ জন। স্পেনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ৯৪২ জনে পৌঁছেছে। মারা গেছেন ৩৪২ জন।








