যুক্তরাজ্য গিয়ে করোনা ভাইরাস বহন করে নিয়ে এসেছেন বলিউডের ‘বেবি ডল’ খ্যাত সংগীতশিল্পী কনিকা কাপুর। বিষয়টি গোপন করে ভারতে এসে অংশ নিয়েছেন একটি তারকা সমৃদ্ধ পার্টিতে! আর এমন অভিযোগে এবার এই শিল্পীর বিরুদ্ধে হল মামলা।
অসচেতনতা ও গাফিলতির দায়ে এই শিল্পীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উত্তরপ্রদেশের পুলিশ। সেই সাথে ভারতীয় দণ্ডবিধি ২৬৯ ধারায় মামলা দায়ের করা হয়। যারফলে এই অপরাধের মামলায় কনিকার জরিমানাসহ ৬ মাসের জেল হতে পারে বলেও জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।
যদিও কনিকা জানিয়েছেন, তিনি লখনৌতে যে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, সেখানে পুরো সময় অনুষ্ঠান জুড়ে গ্লাভস পরিহিত ছিলেন।
এদিকে ওই অনুষ্ঠানে যেসব ভিআইপি অংশ নিয়েছিলেন, কনিকার করোনা পজিটিভ আসায় তারাও বেশ আশঙ্কায় আছেন। এমনকি সেদিনের অনুষ্ঠানে আসা সকলকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার পরামর্শ দিয়েছেন লখনৌয়ের প্রশাসন।
যুক্তরাজ্য থেকে দিন দশেক আগে ভারতে ফিরলেও মাত্র চার দিন আগে তার সর্দি-কাশি-জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। ডাক্তারের পরামর্শ মতো করোনা ভাইরাস পরীক্ষা করালে ফল পজিটিভ আসে। শুক্রবার টুইট করে নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান কনিকা। বর্তমানে তিনি ও তার পরিবার আইসোলেশনে আছেন।
গানের জগতে দশক সেরা শিল্পী কনিকা কাপুরের আগমন ২০১২ সালে। তার প্রথম গান জুগনি জি। যা ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করে নেয়। ২০১৪ সালে তিনি ‘রাগিনি এমএমএস ২’ চলচ্চিত্রের ‘বেবি ডল’ গানের মাধ্যমে বলিউডে কষ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। যা প্রকাশের পর রাতারাতি সব শ্রেণির শ্রোতা দর্শকদের মধ্যে তাকে পরিচিত করে তুলে। গানটি টপচার্টের শীর্ষস্থান দখল করে নেয়।







