করোনা মোকাবেলায় চীন থেকে বিশেষজ্ঞ দল আসছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এরই মধ্যে এ বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় চীন সফল হয়েছে। তাদের আভিজ্ঞতা নিয়ে আমরা কাজ করবো। করোনাভাইরাস মেকাবেলা করবো।
“ইউরোপ এ ভাইরাসকে গুরুত্বসহ নেয়নি বলেই তাদের অবস্থা এখন খুব খারাপ। যারা আগে থেকে প্রস্তুতি নিয়েছে যেমন- কোরিয়া, তাইওয়ান তারা কিন্তু তুলনামূলক ভালো আছে। আমরাও আমাদের সীমিত সম্পদ নিয়ে দুই মাস ধরে প্রস্তুতি নিয়েছি। এরপরও আমরা ভালো আছি।”
তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আমরা আরও একটা পদক্ষেপ নিতে যাচ্ছি। সেট হচ্ছে চীন থেকে কিছু এক্সপার্ট আনার চিন্ত-ভাবনা করছি। চীনের ডাক্তার-নার্স যারা হুয়ানে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন তাদেরকে এনে আমাদের ডাক্তার নার্সদের যেন ট্রেনিং দিতে পারে। পাশাপাশি তারা আমাদের বিভিন্ন হাসপাতাল দেখে আরও কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে পরামর্শ দেবেন। তাদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
চীন থেকে বাংলাদেশ আর কী সহযোগিতা পাচ্ছে; জানতে চাইলে জাহিদ মালেক বলেন, পিপি, টেস্ট কিট, তিন লাখ মাস্কসহ আরও কিছু প্রয়োজনীয় সরঞ্জাম তারা দেবে।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ হাজার ৪১৭ জন। এছাড়াও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯৫৪ জন।
করোনার বিস্তার রোধে এরই মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। এমনকি মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউনও ঘোষণা করা হয়েছে।







