আত্মজার জন্য
—————-
(মৌপি-তোকে নিয়ে কোনদিন আমার কবিতা লেখা হয়ে উঠেনি। ইতি- বাপ)
একদিন এই প্রাচীন বাড়ীতে জমে উঠবে বিবাহবাসর,
মানুষের সমাগমে কেঁপে উঠবে শূন্য ভিটে, বিগতপ্রায়।গর্বিত রাজহংসীর মতো তুমি, উদ্যত গ্রীবায় নেবে অভিবাদন,
মৃণাল বাহু জুড়ে আগলে রাখবে পঙ্খীরাজে উড়ে আসা রাজপুত্তুর।পায়ের নীচে খেলতে থাকবে শৈশবের সর্ষেদানা, মধ্যবিত্ত
দিন আর রাত্রি কানে কানে বলে দেবে, ‘সুখে থেকো বাছা, এইতো সময়।’সাজ এবং সজ্জা ঠিক করতে গিয়ে একবার কি তাকাবে ফিরে আকাশের দিকে?
বহুবর্ণের বাতি ছাড়িয়ে তোমার চোখ উদাসীন দেখবে কি ম্রিয়মান কোন তারা?সে নেমে আসে শুভাশীষ নিয়ে, উৎসব শেষে মনের অন্দরে তার আসা-যাওয়া,
ঘুমিয়েছে বহু আগে ধুসর প্রভাতে, গোধূলির মরা আলোয়, আধো-অন্ধকারে,
যাবার কালে জেনে গেছে, ভালোবাসা মানে আর কিছু নয়, উৎসের পানে হেঁটে যাওয়া।
(গত ১৩ আগস্ট এ কবিতাটি নিজের কন্যা নিয়ে ফেসবুকে লিখেছিলেন মাহবুবুল হক শাকিল)







