কক্সবাজারের মহেশখালীর হোয়ানকের পাহাড়ী এলাকায় পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ অস্ত্রের কারিগর নিহত ও ৭ পুলিশ সদস্য আহত হয়েছে। উদ্ধার হয়েছে ১৩ টি অস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি।
আজ ভোর ৫ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মহেশখালীর হোয়ানকের কেরুনতলি পাহাড়ী এলাকায় এ বন্দুকযুদ্ধ চলে। কক্সবাজার পুলিশ সুপার ড. একে এম ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অস্ত্র কারখানায় অস্ত্র তৈরির খবর পেয়ে শুক্রবার ভোরে মহেশখালী থানার এক দল পুলিশ হোয়ানকের কেরুন তলির পাহাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে। তখন পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ দাশ বলেন, পরিস্থিতি খারাপ দেখে জেলা পুলিশের সাহয্য কামনার পাশপাশি আমরা ও ফায়ার শুরু করি। এসময় পুলিশের গুলিতে অস্ত্র ব্যবসায়ী ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকা ভুক্ত সন্ত্রাসী খলিল প্রকাশ ওরফে খইল্যা ডাকাত নিহত হয়।
তার বাড়ি একই উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইলে বলে পুলিশ জানায়। বন্দুকযুদ্ধে পুলিশের ৭ সদস্য আহত হয়। পুলিশ সন্ত্রাসীদের আস্তানা থেকে ১৩ টি অস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করে।
নিহত খলিল ডাকাতের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের মহেশখালী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।







