সাউথ আফ্রিকার মাটিতে সিরিজ জিতে বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে ওঠার পর সুখবর পেলেন টাইগাররাও। প্রোটিয়াদের বিপক্ষে আগুন ঝরানো বোলিংয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদের। লম্বা লাফে গতিতারকার অবস্থান এখন ৩৪-এ।
সিরিজ নির্ধারণী ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন তাসকিন।
ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল, আছেন ২০তম অবস্থানে। ২২ গজে নজর কেড়ে দুই ধাপ এগিয়ে লিটন দাসের অবস্থান ৩০-এ।
টাইগার ব্যাটারদের মধ্যে ভালো অবস্থানে থাকা মুশফিকুর রহিম আছেন ১৭তে। ২৬তম স্থানে আছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে শীর্ষস্থানে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
প্রোটিয়াদের বিপক্ষে উইকেট তুলতে না পারলেও র্যাঙ্কিংয়ের ১৬তম স্থান ধরে রেখেছেন মোস্তাফিজুর রহমান। তালিকার শীর্ষে নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আগলে রেখেছেন সাকিব। বোলিংয়েও চার ধাপ উন্নতি হয়েছে তার। অবস্থান তালিকার ৮ নম্বরে।







