বিশ্বক্রিকেটের ঐতিহ্যবাহী সংগঠন এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।
ক্রিকেটের সমসাময়িক আইন-কানুনসহ নানা পরিবর্তন নিয়ে সুপারিশ করে এই কমিটি। সারা বছর ক্রিকেট বিষয়ক যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন থাকে তারা।
গত ১৮ সেপ্টেম্বর চিঠি দিয়ে ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার কথা সাকিবকে জানায় আইসিসি। নতুন কমিটির দায়িত্ব শুরু হয়েছে গত ১ অক্টোবর। এবার কমিটির চেয়ারম্যান সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক গ্যাটিং। বিদায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন আরেক সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক ব্রিয়ারলি।
এমন একটি সম্মান পেয়ে সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। তিনি লিখেছেন, ‘আমাকে সম্মানজনক এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির একজন সদস্য মনোনীত করায় সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমাকে এমন একটি সম্মান দেওয়ায় ধন্যবাদ।’
সাকিবদের কমিটির প্রথম বৈঠক হবে ৯ ও ১০ জানুয়ারি, সিডনিতে। পরের সভা হবে ৬ ও ৭ অগাস্ট, লর্ডসে।








