সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে আবারও রিমান্ডে নিতে ডিবির আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
(২৪ জুন) সোমবার গ্যাস বাবুকে আবারও রিমান্ডে নিতে ডিবির আবেদন নামঞ্জুর করে তাকে ১০ কার্য দিবসের মধ্যে ঝিনাইদহের কারাগারে পাঠিয়ে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ।
সোমবার দুপুরে গ্যাস বাবুকে আদালতে হাজির করে পুলিশ। এসময় হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটন ও ডিজিটাল এভিডেন্সের আলামত উদ্ধারের জন্য গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে আবারও রিমান্ডে নিতে আদালতে আবেদন করে ডিবি।
দু’পক্ষের শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করলে আদেশের বিরুদ্ধে রিভিশন করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু।
এর আগে ৯ জুন আদালত গ্যাস বাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৪ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন বাবু। ওইদিন জবানবন্দী শেষে তাকে কারাগারে পাঠানো হয়।








