মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই’র প্রধান হিসেবে নিয়োগের জন্য চারজনের প্রথম সাক্ষাতকার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদের মধ্যে এফবিআই’র ভারপ্রাপ্ত প্রধান অ্যান্ড্রু ম্যাককাবেও রয়েছেন। তারা অ্যাটর্নি জেনারেল জেফ সেসন্স এবং তার সহকারী রড রসেনস্টেইন এর সঙ্গে সাক্ষাৎ করবেন।
তবে এই পদের জন্য ১১ জনকে বিবেচনা করা হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
হিলারি ক্লিনটনের ই-মেইল সংক্রান্ত তদন্তে ভুল তথ্য দেয়ার অভিযোগে স্থানীয় সময় মঙ্গলবার রাতে এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ ঘটনার পর তীব্র প্রতিক্রিয়ার মুখে পরতে হয় ট্রাম্পকে। তবে খুব তাড়াতাড়ি প্রেসিডেন্ট ট্রাম্প এই পদের জন্য তার পছন্দমতো যোগ্যতা সম্পন্ন প্রার্থী বাছাই করবেন বলে জানিয়েছেন হোয়াইট হাইজ মুখপাত্র সন স্পাইসার।







