এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ।
বুধবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে রাশেদ মাকসুদ সিটি ব্যাংক এনএ এর বাংলাদেশে ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার ছিলেন। এছাড়া তিনি সিটি ব্যাংক এনএ এর ইন্দোনেশিয়াতে ব্যবস্থাপনা পরিচালক, গ্লোবাল ট্রান্সজেকশন সার্ভিসেস হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে-বিদেশে ব্যাংক ও আর্থিক খাতে খন্দকার রাশেদ মাকসুদের প্রায় ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। ১৯৯৫ সাল থেকে প্রায় ২২ বছরই সিটি ব্যাংক এনএ-তে বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
মঙ্গলবার এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এ যোগ দিয়ে মাকসুদ বলেন, এই খাতে গঠনমূলক যুগোপযোগী পরিবর্তন সাধনে তিনি তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চান এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংককে একটি নেতৃস্থানীয় ব্যাংকে পরিণত করতে চান।
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান তমাল এস এম পারভেজ বলেন, তাঁর (রাশেদ মাকসুদ) দূরদর্শিতা ও সময়পোযোগী পদক্ষেপে এনআরবিসি ব্যাংক এগিয়ে যাবে। দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে এনআরবিসি ব্যাংক তাঁর নেতৃত্বে অন্যতম প্রতিষ্ঠান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
খন্দকার রাশেদ মাকসুদ ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করার পর আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ঢাকায় যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।








