আপিল বিভাগেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায় বহাল থাকায় তাকে ‘ঐতিহাসিক’ রায় বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ।
রায়ের পর এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির রায় সম্পর্কে বলা হয়েছে, এই রায়ের মধ্যদিয়ে বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
‘আমাদের সুমহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী ৩০ লাখ শহীদের আত্মা শান্তি পেয়েছে। যে ২ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছিলো তারা ন্যায় বিচার পেয়েছে’, বলেন তিনি।
নানক বলেন, ‘স্বজন হারানোর ব্যথা বুকে নিয়ে যে সকল শহীদ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রজন্ম আজো বেঁচে আছে তারা সান্ত্বনা পাবে, স্বস্তি পাবে। বাংলাদেশ বিচারহীনতার সংষ্কৃতি ও কলঙ্ক মুক্তির আরো একধাপ এগিয়ে গেছে।’
সকল যুদ্ধাপরাধীর বিচার এই বাংলার মাটিতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, খালেদা-তারেক, বিএনপি-জামাত, শিবির যতোই সহিংসতা, নাশকতা, ষড়যন্ত্র, ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাক না কেনো মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে সম্পন্ন হবে।







