জাতীয় পরিচয় পত্র ও নিবন্ধন অফিসে সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় বেসরকারি টিভি চ্যানেল২৪ এর রিপোর্টার ও ক্যামেরা পারসনকে লাঞ্ছিত করে অফিসে আটকে রাখার ঘটনা ঘটেছে। উপ-সচিব আব্দুল বারীর কক্ষে আটকে রেখে তাদের মারধর করা হয়। এসময় এনআইডি অফিসের লোকজন ক্যামেরা ভাঙচুর করে।
বুধবার দুপুরে আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা প্রকল্প কার্যালয়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ নিন্দা প্রকাশ করেছেন।
চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার জি এম মুস্তাফিজুল আলম ও ক্যামেরা পারসন রিপু আহমেদ সকালে আগারগাঁওস্থ ভবনে ভোগান্তির শিকার হওয়া নাগরিকদের ছবি তুলতে গেলে ওই ঘটনা ঘটে। ঘটনার সময় এনআইডি উইং মহাপরিচালকের কার্যালয়ে একজন নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রিপোর্টার মুস্তাফিজুল আলম বলেন, সংবাদ সংগ্রহে এসে এনআইডি’র কিছু কর্মকর্তা ও কর্মচারীরা কাজে বাধা দেন। পরে তাদের দুজনকে এক কর্মকর্তার কক্ষে নিয়ে মারধর করে ক্যামেরা ভাঙচুর করা হয়।
বিষয়টি নির্বাচন কমিশনারকেও অবহিত করা হলে এ বিষয়ে কোন পদেক্ষপ নেয়া হয়নি। এ বিষয়ে এনআইডি উইং মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বলেন, একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ নিয়ে তেমন উদ্বেগের কিছু নেই।







