সমুদ্রের উত্তাল স্রোতে ডুবে যাওয়ার ঝুঁকি থেকে বাঁচার জন্য এক বিশেষ ড্রোন তৈরি করেছে অস্ট্রেলিয়ার কোস্টগার্ড। মূলত পরীক্ষামূলকভাবে নিউ সাউথ ওয়ালসের নিনক্স হেডের কোস্টগার্ডের কাছে এই কার্যক্রম চালানো হয়। বিবিসির এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, দুই সাঁতারুকে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের সামুদ্রিক ঢেউয়ের মধ্যে ছেড়ে দেয়া হয়। তারা সমুদ্রের উত্তাল ঢেউয়ের আঘাত থেকে বাঁচতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
এ সময় লাইফগার্ড নিয়ন্ত্রিত ড্রোন তাদের অবস্থান শনাক্ত করে স্বংক্রিয়ভাবে ভাসমান একটি বস্তু ফেলেন দুই সাঁতারু বরাবর। ভাসমান বস্তুটির সাহায্যে সাঁতারুদ্বয় তীরে ফিরতে সক্ষম হন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ড্রোনের মত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্বে এ প্রথম কোন উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হল। তার আগে ড্রোন ব্যবহার নিয়ে কোস্টগার্ড সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়।
ড্রোন থেকে ভাসমান বস্তুটি সাঁতারুদের কাছে পৌঁছতে সময় নেয় মাত্র ৭০ সেকেন্ড। পুরো উদ্ধার কার্যক্রমটি সম্পন্ন করতে সময় লাগে মাত্র ৬ মিনিট। গত ডিসেম্বরে উদ্ধার কার্যক্রমে পরীক্ষামূলকভাবে এ ড্রোন প্রযুক্তি যুক্ত করে অস্ট্রেলিয়ার কোস্ট গার্ড।









