রাজধানীর উত্তরায় একটি ব্যাংকের এটিএম বুথ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। একটি ওষুধের বাক্সে বস্তুটি রাখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত দুইটায় দিকে উত্তরার ৬ নং সেক্টর এলাকার রাজউক কলেজের পাশে একটি ব্যাংকের এটিএম বুথ থেকে সেটি উদ্ধার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের উপ- কমিশনার (ডিসি) নাবিদ কামাল বলেন, প্রেসার মেশিন যন্ত্রের ঘড়ি নিয়ে এরসঙ্গে তার পেঁচিয়ে সেটা ওষুধের বাক্সে বসিয়ে টাইমার বোঝানো হয়েছিল। টাইমার দেখে বোমা সাদৃশ্য মনে হলেও বাক্সটি খুলে কিছু ওষুধ পাওয়া যায়।
কেউ রসিকতা বা আতঙ্ক ছড়াতে এ কাজটি করেছে মন্তব্য করে তিনি বলেন, এমন কাজ একেবারেই অনুচিত। বিষয়টি খতিয়ে দেখা হবে।
মঙ্গলবার দিবাগত রাত একটারদিকে এটিএম বুথের সামনে বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে উত্তরা পূর্ব থানা পুলিশকে জানায় স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।
আগের দিন সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর গুলিস্তানে পুলিশের ওপর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই ট্রাফিক ও এক কমিউনিটি পুলিশ আহত হন।
এ ঘটনার পরই রাজধানীতে বোমা আতঙ্ক বিরাজ করছে। তবে এ বিষয়ে বেশ সর্তক পদক্ষেপে আছে আইনশৃঙ্খলা বাহিনী।







