বেশ কয়েক দিন গ্রামে বেশ মজায় কেটেছে ঈদের ছুটির সময়টা। আত্মীয়, বন্ধু সবার সাথে আড্ডা, গল্প হয়তো ভালোই জমেছে। কিন্তু কী আর করা। অফিসের তাড়া আছে হয়তো অথবা ছেলেমেয়েদের স্কুলে পরীক্ষা। ঈদের আনন্দ শেষে ফিরতে হবে ঢাকায়। আবার শুরু হবে কর্মব্যস্ততা। কিন্তু ফেরার পথে কিছু সতর্কতা মানা চাই।
ব্যাগ গোছানো
ফেরার আগে ভালো করে ব্যাগ গুছিয়ে নিন। হয়তো আবার অনেক দিন পর বাড়িতে আসা হবে। তাই আপনার দরকারি জিনিসটি ফেলে গেলে কিন্তু মুশকিল। কাপড় থেকে শুরু করে, ল্যাপটপ, চার্জার সব কিছুই আগেভাগে ব্যাগে ঢুকিয়ে ফেলুন।
টিকিট সাবধান
যারা দূরে ঈদ করতে গেছেন, তাদের জন্য বাস বা ট্রেনের টিকিট অনেকটা সোনার হরিণের মতো। তাই ফিরতি পথে বাড়ি থেকে বের হওয়ার সময় টিকিটটা নিতে ভুলবেন না। এছাড়া টিকিট যেন হারিয়ে না যায়, সেদিকটাও মাথায় রাখুন।
নিরাপত্তা সবার আগে
সবার আগে মাথায় রাখুন আপনার নিরাপত্তা। এ সময় রাস্তায় সাধারণত মারাত্মক যানজট হয়। এছাড়া দুর্ঘটনার ঝুঁকিও থেকে যায়। তাই কোনো ঝুঁকি নেবেন না। আপনার ড্রাইভারকে ওভারটেক না করতে অনুরোধ করুন। এছাড়া অযথা সময় বাঁচাতে দ্রুত গাড়ি চলাচ্ছে কি না, এ ব্যাপারে সতর্ক থাকুন। দরকার হলে সবাই মিলে তাকে বুঝিয়ে বলুন।
খাবার পানি সাথে নিন
যানজটে অনেকক্ষণ বসে থাকতে হতে পারে। এছাড়া গরমও কম নয়। তাই দরকার মতো পর্যাপ্ত পরিমাণ খাবার পানি, স্যালাইন ওয়াটার আর কিছু শুকনা খাবার সাথে নিতে পারেন যাত্রার সময়।
দরকারি কাজ আগেই শেষ করুন
যাবার দিন সকালে হাতে কোনো কাজ রাখবেন না। কারো সঙ্গে দেখা করার দরকার হলে আগের দিনই সেরে ফেলুন। নির্ভাবনা ও নিশ্চিন্তে পথ চলুন।







